দৌড়াও, নিজেকে নিংড়ে দাও। এমনভাবে দৌড়াও, যেন এটাই তোমার জীবনের শেষ দিন।’

কথাটা নেইমার সিনিয়রের। গত বছর কিংস লিগ ফাইনালে সতীর্থদের জাগিয়ে তুলতে বাবার বলা এই কথা তাঁদের বলেছিলেন নেইমার জুনিয়র। ছেলের সেই সেদিনের ভিডিও এবার নিজের ইনস্টাগ্রামে পুনরায় শেয়ার দিয়েছেন নেইমার সিনিয়র। কখন? মায়ামিতে ব্রাজিল–স্কটল্যান্ড ম্যাচের আগে।

অর্থাৎ, নেইমারের প্রতি অনুচ্চারে বাবার পরিষ্কার বার্তা, এই ম্যাচে এমনভাবেও দৌড়াও, যেন এটাই তোমার জীবনের শেষ ম্যাচ!

কিন্তু শেষ ম্যাচ তো নয়; বরং বলা যায়, ব্রাজিল জাতীয় দলের জার্সিতে ৩৪ বছর বয়সী নেইমারের শেষের শুরু। ২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ খেলেছিলেন ব্রাজিল দলে।

সেটা ছিল বিশ্বকাপেরই বাছাইপর্বের ম্যাচ। চোটে পড়েন এবং তার পরের গল্পটা তো প্রায় সবারই জানা। কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে গোটা ব্রাজিলজুড়ে প্রশ্ন ছিল একটাই—নেইমার থাকছেন তো?

আনচেলত্তি সেই প্রত্যাশা মেটান। আগেই বলে দিয়েছিলেন, স্কটল্যান্ড ম্যাচ দিয়ে হলুদ জার্সিতে ফিরবেন এই জার্সিতেই সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া নেইমার। তারপর অপেক্ষা।

সে অপেক্ষাও ফুরাল স্কটল্যান্ড ম্যাচের ৭৬ মিনিটে। তখন সম্ভবত মাতেউস কুনিয়ার মতো খুশি ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয়টি নেই! গোল করা ব্রাজিলের এই ৯ নম্বরকে তুলেই ১০ নম্বর জার্সির নেইমারকে নামানোর সিদ্ধান্ত নেন আনচেলত্তি। আর কুনিয়া দিলখোলা হাসিতে ছুটে গিয়ে জড়িয়ে ধরেন নেইমারকে।